সূর্য আহমেদ মিঠুন
সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া ও হয়রানিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগীরা জমি-জমা, নামজারি, খাজনা, সামাজিক নিরাপত্তা, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে অভিযোগগুলো শোনেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। জটিল অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, গণশুনানি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
